টানা ৭ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক
প্রকাশিত : ০৮:৩১, ২৪ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরে টানা সাতদিন ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ইতিমধ্যে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই সোমবার থেকে ঢাকায় পৌঁছাতে শুরু করেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়েছে।
অন্যদিকে, রমজান মাসের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা, আর অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।
রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।
ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










