ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

র‌্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আহসান হাবীব পলাশ। তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা।

শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

আহসান হাবীব পলাশ ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিএমপি ও এসএমপিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্বে থাকা সময় তিনি মাঠ প্রশাসনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।

পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)” পদকে ভূষিত হন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আহসান হাবীব পলাশ শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি