তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি মন্ত্রী কি দেখছেন না: হাসনাত আবদুল্লাহ
প্রকাশিত : ১৮:৩২, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩৫, ২ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন বিষয়টি এড়িয়ে যাচ্ছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রশ্ন করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। “মন্ত্রী কি এসব দেখতে পাচ্ছেন না?”—প্রশ্ন রাখেন তিনি।
সংসদে সম্পূরক প্রশ্নে তিনি আরও বলেন, মন্ত্রী পূর্বে দেশে কোনো জ্বালানি সংকট নেই বলে দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ভোক্তারা স্বাভাবিক সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন এলাকায় পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। সিলেটেও পাম্প বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সমস্যাটি স্বীকার না করে মন্ত্রীর এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। “গাড়ির দীর্ঘ সারি, পাম্প বন্ধ হয়ে যাওয়া ও সেবা ব্যাহত হওয়ার বিষয়টি মন্ত্রী কি দেখছেন না? কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে?”—প্রশ্ন রাখেন তিনি।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ‘ইরানের ঘটনার’ পর মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হওয়ায় পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, প্রতিদিন নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় আগে যে তেল এক থেকে দেড় দিন চলত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। মানুষের এই অতিরিক্ত কেনার প্রবণতার কারণেই পাম্পে লাইনের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, “পেট্রোল সরবরাহ দেওয়া হচ্ছে না—এ কথা সঠিক নয়। প্রতিদিন নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে।”
এমআর//
আরও পড়ুন










