দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
প্রকাশিত : ২৩:০২, ৭ এপ্রিল ২০২৬
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
মরিসাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে দুইদিন তিনি ভারত সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এই সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন ড. খলিলুর রহমান ও এস জয়শংকর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ভারতের উষ্ণ ঐতিহাসিক বন্ধন আছে দুই প্রান্তের মানুষের সঙ্গে। এই সফর দুই দেশের অংশীদারত্ব আরও এগিয়ে নিয়ে যাবে।
কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।
এমআর//
আরও পড়ুন










