ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬

স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

সোমবার (১৩ এপ্রিল) স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময়ের অত্যন্ত কার্যকর আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আগামী জুলাই মাসে ‘নারী বিপিএল’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও বলেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ ব্যবস্থার জরাজীর্ণ অবস্থা সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়ায় নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী অর্থবছর থেকেই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সারা দেশে মাঠ সংরক্ষণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত বিশেষ কমিটি কাজ করছে।

স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ ও দীর্ঘদিনের অবহেলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো সবার জানা থাকলেও বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সমস্যার উৎস চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, বগুড়া জেলা প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবুসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি