ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

আপাতত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৪৩, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া বিভিন্ন ভাতার কথা তুলে ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান,আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় নেই। 

তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই-বাছাই করে। তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।

মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি