ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

রাজধানীর ইস্কাটনে জুমার নামাজের পর মাহবুবুর রহমানের জানাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা  শুক্রবার (১৭ এপ্রিল)  জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

গেল বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি