ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

সরকারি সিদ্ধান্তের আগে বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.


সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে মালিক সমিতি। 

বুধবার বাস মালিক সমিতির মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না। সরকারের পক্ষ থেকে বাসভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।

এদিকে আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন হুঁশিয়ারি প্রদান করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি