ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬

নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। 

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। 

অনুষ্ঠানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সব সদস্যই এ পোশাক পাবেন।’

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ সংস্কারের অংশ হিসেবে তাদের পোশাকে পরিবর্তন আনা হয়। 

তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। গত ১৮ জুন পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি