ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৪, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি মুক্তিযুদ্ধের মহান ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতার সুযোগ না থাকে।

সাক্ষাৎকারকালে রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই সৌজন্য সাক্ষাৎকারের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি