একযোগে ডিএমপির ৮ পুলিশ পরিদর্শকের রদবদল
প্রকাশিত : ২২:২৭, ৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৮ নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে জনস্বার্থে এই বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আদেশে রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে পাঠানো হয়েছে।
এছাড়া ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন










