আগামী বছরের হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেল ৭০২ এজেন্সি
প্রকাশিত : ১৯:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২০২৭ সালের পবিত্র হজ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য এ পর্যন্ত সর্বমোট ৭০২টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তম পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য আরও ২২টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগে বিগত ছয় দফায় মোট ৬৮০টি এজেন্সিকে এই অনুমতি দেওয়া হয়েছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। আগামী ২৪ সেপ্টেম্বর হজের চূড়ান্ত নিবন্ধন শেষ হবে এবং নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।
প্রকাশিত তালিকায় বলা হয়েছে, কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী নিবন্ধনের আগে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করতে হবে।
সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা একক বা যৌথভাবে পূরণ করতে পারলেই কেবল তারা সৌদি আরবে যাত্রী পাঠাতে পারবে। এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে, যা পরবর্তীতে যাত্রী ও এজেন্সির চুক্তিপত্র হিসেবে গণ্য হবে।
প্যাকেজে সৌদি আরবের সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব ও মূল্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে (যা একজন গাইডের কোটা)। প্রতি ৪৪ জন যাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞ একজন গাইড নিয়োগ দেওয়া বাধ্যতামূলক।
এই কোটা পূরণ না হলে অন্য লিড এজেন্সিতে যাত্রী স্থানান্তর করতে হবে। অনিবন্ধিত কোনো ব্যক্তিকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হজের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের নাম তালিকা থেকে বাদ যাবে।
২০২৭ সালের জুন মাস পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে এজেন্সিগুলোকে তালিকায় রাখা হয়েছে। প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে। আগামী ২০২৭ মৌসুমের যোগ্য তালিকাভুক্ত হজ এজেন্সিগুলোকে গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে লিড এজেন্সি নির্ধারণের তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে লিডে অন্তর্ভুক্তির আবেদন ও লিড এজেন্সির সম্মতিপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, সপ্তম তালিকায় নাম আসা এজেন্সিসহ যারা এখনো লিডে অন্তর্ভুক্ত হয়নি, তাদের দ্রুত প্রক্রিয়াটি শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৯৩৯০৮৩৫০৯) পাঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
এমএইচ










