ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬

রাতের ফ্লাইটে দেশে ফিরছেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

অনিশ্চয়তা কাটিয়ে রোববার (১ মার্চ) রাতের ফ্লাইটেই দেশে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এ বিড়ম্বনায় পড়েন তিনি। 

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মাঝ আকাশ থেকে তার বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। এতে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

রোববার (১মার্চ) সংবাদমাধ্যমকে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেই পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং নিজেই মনিটর করছি। মুশফিকুর রহিমের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। আজ রাতের একটি ফ্লাইটে মুশফিক আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন—শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন দেশে থাকা খেলোয়াড় বা বাংলাদেশিরা এই জটিলতার কারণে আটকে আছেন। আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমার শুভকামনা।’

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের পরিস্থিতি তুলে ধরেন মুশফিক। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ সম্পন্ন করেছি।

তিনি জানান, আজ এমিরেটসের ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার জেদ্দায় ফিরে আসে। এখন আমি হাজারও যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি… সর্বশক্তিমান আল্লাহই কেবল জানেন, কখন ও কীভাবে অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি