ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদ্‌যাপন নিয়ে বিতর্কে জড়ালেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই উদ্‌যাপনের সময় ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে ভারতের পুনে শহরের এক আইনজীবী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী ওয়াজিদ খান পুনের শিবাজি নগর পুলিশ স্টেশনে একটি লিখিত আবেদন জমা দেন। সেখানে তিনি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতে হার্দিক পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেন। আইনজীবী ওয়াজিদ খান তার আবেদনে উল্লেখ করেন, ‘এই কাজ প্রযোজ্য আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি