ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনিতে গ্রেপ্তার ওয়ার্নার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

পিএসএলের মাঝপথে স্বল্প বিরতিতে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। সেটাই যেন কাল হলো তার জন্য। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি গত রোববার বিকেলের।

সিডনির মারুব্রা এলাকার মালাবার রোডে পুলিশ যখন নিয়মিত শ্বাস পরীক্ষা করছিল, তখন একটি ভ্যানকে তল্লাশি চৌকির ঠিক আগে থেমে যেতে দেখেন কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটির কাছে যায় এবং ৩৯ বছর বয়সী চালক; যিনি পরবর্তীতে ওয়ার্নার হিসেবে শনাক্ত হন।

এসময় তার শ্বাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। থানায় দ্বিতীয়বার পরীক্ষা করা হলে ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, এটি 'মিড-রেঞ্জ' বা মাঝারি মাত্রার অপরাধ হিসেবে গণ্য হয়। এই অপরাধের শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল এমনকি জেল পর্যন্ত হতে পারে।

ওয়ার্নারকে ইতিমধ্যে আদালতে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে ডাউনিং সেন্টার লোকাল কোর্টে উপস্থিত হতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সমান সক্রিয় ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে করাচি কিংস-এর অধিনায়কত্ব করছেন। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের জন্য আগামী ৯ এপ্রিল তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। তবে এই ঘটনার পর তার পাকিস্তান সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ওয়ার্নারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি