ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৩০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে ২৫ রানের পর এদিন ২১ রানে হেরেছে টিম টাইগ্রেস।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চামারি আতাপাত্তুদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নিগার সুলতানা জ্যোতি।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল লঙ্কান মেয়েরা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটার রান পেলেও জুয়াইরিয়া ছাড়া কারো ব্যাটিং মানানসই ছিলো না টি-টোয়েন্টির সাথে। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান।

এ ছাড়া দিলারা আক্তার ২৩ বলে ২৩ আর তিনে নামা শারমিন আক্তার ৪৭ বল খেলে অপরাজিত থাকেন ৪৪ রানে। বাকিদের মাঝে আর কেউ সুবিধাই করতে পারেননি।

অধিনায়ক নিগার সুলতানা ৭ বলে ৭, সোবহানা মোস্তারি ২ বলে ০, আর স্বর্ণা আক্তার ১৩ বল খেলে করেন ১২ রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রান করেন। সর্বোচ্চ ৪৯ করেন হর্ষিতা সামারাবিক্রমা।

২৭ ও ২২ রান এসেছে ইমেশা দুলানি ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে। তাদের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহই পায় লঙ্কান নারীরা।

বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি