ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাই ক্লাবকে হারাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১১ মে ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২–০ গোলের সেই জয় এসেছে থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে।

সোমবার (১১ মে) নিজেদের প্রথম ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচে স্বাগতিক কাসেম বুন্দিত উইমেন্স এফসিকে ২-০ গোলে হারিয়েছে টাইগ্রেসরা।

এই ম্যাচে কৌশলগত বৈচিত্র্যের ওপর জোর দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। স্কোয়াডের বেঞ্চের শক্তি এবং খেলোয়াড়দের পজিশনাল দক্ষতা যাচাই করতে তিনি দুই অর্ধে সম্পূর্ণ ভিন্ন দুটি একাদশ মাঠে নামান।

কোচের এই কৌশল ম্যাচের শুরুতেই কাজে আসে। প্রথমার্ধের একাদশের টানা আক্রমণের সুফল হিসেবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই আনিকা রানিয়া সিদ্দিকের দুর্দান্ত এক ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর দলের পুরো একাদশে পরিবর্তন আনা হলেও, বেঙ্গল টাইগ্রেসদের হাই-প্রেস খেলার ধরন এবং রক্ষণভাগের জমাট কাঠামোতে কোনো ঘাটতি দেখা যায়নি। নিজেদের আধিপত্য ধরে রেখে ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেহলা মারমা।

চট্টগ্রামের কন্ডিশনিং ক্যাম্প থেকে কোচ বাটলার আক্রমণভাগে যে ধার বাড়ানোর কাজ করছিলেন, এই গোলটি যেন তারই প্রমাণ।

কেবল ২-০ গোলের জয়ই নয়, রক্ষণভাগ ও মিডলফিল্ডের মধ্যে খেলোয়াড়দের দারুণ বোঝাপড়া এবং মসৃণ ট্রানজিশনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন কোচিং স্টাফরা।

ম্যাচের ক্লান্তি দূর করতে মঙ্গলবার ‘রিকভারি ডে’ হিসেবে পার করবে বাংলাদেশ দল। এ সময় হোটেলে পুল এবং স্ট্রেচিং সেশনে অংশ নেবেন খেলোয়াড়রা। 

আগামী ১৭ মে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে এই জয় দলের জন্য দারুণ এক মানসিক শক্তি হিসেবে কাজ করবে।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ২১ মে ভারতের গোয়ায় পৌঁছাবে। সেখানে ‘বি’ গ্রুপের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক ভারত। 

সাফের মূল লড়াইয়ের আগে ব্যাংককে এমন নিখুঁত ও গোছানো পারফরম্যান্স প্রমাণ করছে যে, একেবারে সঠিক সময়েই নিজেদের সেরা ফর্মে পৌঁছাচ্ছে টাইগ্রেসরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি