বিশ্বকাপ মিশনে ২৬ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের
প্রকাশিত : ২০:৪০, ২৮ মে ২০২৬
আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে সাজানো এই দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড মেমফিস ডিপাই এবং আর্সেনাল ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।
ইনজুরির শঙ্কা থাকলেও ডিপাইকে দলে রেখেছেন কোচ রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৫ গোল করেছেন। যদিও উরু ও কাফের চোটের কারণে গত দুই মাসে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি।
চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফেরা জুরিয়েন টিম্বারও আছেন স্কোয়াডে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির মধ্যেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডিফেন্ডার।
এবারের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অভিষেক না হওয়া উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল ও গোলরক্ষক রবিন রুফস। এছাড়া প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্টেন ডে রুন। নেদারল্যান্ডসের হয়ে ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা। ৩ জুন আলজেরিয়ার বিপক্ষে এবং ৮ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।
নেদারল্যান্ডস দল
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ফেরব্রুগেন।
ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, মিকি ফন ডে ভেন, জুরিয়েন টিম্বার, ভার্জিল ফন ডাইক, জান পল ফন হেকে।
মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান গ্রাভেনবার্খ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কপমেইনার্স, তিজানি রেইনডার্স, গুস টিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার।
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ওয়াউট ভেগহর্স্ট।
এমআর//










