নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও পয়েন্ট নিয়ে ফিরল জাপান
প্রকাশিত : ০৯:২০, ১৫ জুন ২০২৬
জাপান যে কখনো হাল ছাড়ে না সেটা আবারও দেখা গেল। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান। তাতে দুইবার লিড নিয়েও পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না নেদারল্যান্ডসের। নিশ্চিত হারতে বসা ম্যাচে জাপান এক পয়েন্ট নিয়ে ফিরলো।
প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধ্বে। প্রথমার্ধে গোল না হলেও সুযোগের কমতি ছিল না। বিশেষ করে ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কর্নার থেকে ডনিয়েল মালেনের হেড লক্ষ্যভেদ করতে যাচ্ছিল, কিন্তু অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। প্রথমার্ধে জাপানকে বাঁচিয়ে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের একটি ছিল সেটি।
৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। পোস্টে লেগে জালে জড়ানো বলটি ছিল দেশের হয়ে কোনো বড় টুর্নামেন্টে তার প্রথম গোল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মাত্র ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে কেইতো নাকামুরা গোল করে সমতা ফেরান।
১–১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। ফলে ৫১–৬৪ এই ১৩ মিনিটে আসে তিন গোল। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৯ মিনিটে সমতায় ফেরে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেন দাইচি কামাদা।
তার তাতেই নিশ্চিত জয়ের পথে থাকা নেদারল্যান্ডসকে পয়েন্ট ভাগাভাগি করতে হলো।
এএইচ










