ঢাকা, শনিবার   ০১ আগস্ট ২০২৬

আবারও সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন তথা সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। 

শনিবার ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক এই সভাপতি। 

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন তিনি।

সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী উপযুক্ত প্রার্থীর সংখ্যা উপলব্ধ পদের সংখ্যাকে অতিক্রম না করায় প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তিনি।

কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতদিন নিয়ম ছিল ৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না-। কিন্তু গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়।

এবার সাফের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের পর কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি