ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হতাশ করে সাফের ফাইনালে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

শনিবার রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন আবদুল সামাদ শাহজাদ। 

এই হারে সাফের ফাইনালে ফেরার বাংলাদেশের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

সপ্তম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিব হোসেনের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন সৈয়দ কাজেম কিরমানী। তবে সহজেই বলটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ।

২২ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নারে বক্সের ভেতর থেকে শট নেন রাকিব। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক তা প্রতিহত করেন।

অন্যদিকে, ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তান। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে আবদুল্লাহ শট নেন। গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করলেও বলটি পোস্টে লেগে বাইরে চলে যায়। 

প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল বাংলাদেশের, পাকিস্তানের ৪১ শতাংশ। মাঝমাঠে দারুণ প্রভাব বিস্তার করেন বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী। খেলার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং রক্ষণে সহায়তা করেন তিনি। অন্যদিকে, পাল্টা আক্রমণের ওপর বেশি নির্ভরশীল ছিল পাকিস্তান।

বিরতির পর আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে সফরকারীরা। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায়, দুই দলই গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।

৭৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক নেন আদিল বানি। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে চমৎকার দক্ষতায় বলটি কর্ণারের মাধ্যমে বিপদমুক্ত করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ছয় মিনিট পর আবারও শ্রাবণের পরীক্ষা নেন বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন তিনি। এবার ডান দিকে ঝাঁপিয়ে বলটি প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।

তবে ৮৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। শ্রাবণ গোলকিক করার পরিবর্তে সামনে ছুঁড়ে দেন বল। সেই বল বক্সের কাছে পেয়ে শাহজাদের দিকে বাড়িয়ে দেন সতীর্থ ফরোয়ার্ড। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে শ্রাবণকে পরাস্ত করেন শাহজাদ। তার এই গোলেই জয় নিশ্চিত করে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।

শেষ সময়ে সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি তারা।

প্রধান কোচ থমাস ডুলি শুরুর একাদশে খেলেছেন আটজন প্রবাসী ফুটবলার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে খেলা জামাল ভূঁইয়াকে এদিন একাদশে রাখা হয়নি।

আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো ফাইনালে উঠে ভারত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি