ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬

আইপিএল

সন্ধ্যায় মুখোমুখি সাকিব-মোস্তাফিজ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১১ তম আসরে খেলছেন বাংলাদেশি দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার আইপিএলের ৭ম ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের এ দুই তারকা ক্রিকেটার। রাজিব গান্ধী স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।   

বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আইপিএল দেখার মূল আকর্ষন হলো সাকিব-মোস্তাফিজ। তাই এই দুই জনের খেলাকে কেন্দ্র করেই যত উত্তেজনা সবার মাঝে। আইপিএলের এবারের আসরে সম্পূর্ণ নতুন দু্ই দলে দুই বাংলাদেশি তারকা।

সাকিব আল হাসান আইপিএলে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের সঙ্গে ছিল তাদের ছেড়ে এবার নতুন দলের সঙ্গে সাকিবের পথচলা শুরু। আর নতুন দলের সঙ্গে বেশ দারুণ শুরু করে এই তারকা। 

সাকিবকে দলে পেয়ে বেশ আনন্দিত ছিল হায়দ্রাবাদ। দলের ব্যাটিং-বোলিং দুই দিকেই সাকিবে ভরসা ছিল হায়দ্রাবাদের। প্রথম ম্যাচেই সাকিব দলের ভরসার মূল্য দিয়েছেন। দলের জয়ে রেখেছেন অনেক অবদান। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে তিনি দুই উইকেট সংগ্রহ করেন। সাকিবের বোলিং নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে হায়দ্রাবাদ। ৯ উইকেটে তারা হারিয়েছে রাজস্থান রয়ালস’কে।      

অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজ অভিষেকের পরে টানা দু্ই বছরই খেলেছিলেন হায়দ্রাবাদের হয়ে। এবার তিনিও নতুন ঠিকানায়। এই আসরে মুম্বাইয়ের জার্সিতে খেলছেন এই পেসার। আর মুম্বাইয়ের বোলিংয়ের গুরুত্বপূর্ণ অংশ তিনি। তবে প্রথম ম্যাচে বেশ ভালো ভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। নিজেদের প্রথম ম্যাচে, শেষ ওভারে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে মুম্বাই’কে। তাইতো এ ম্যাচে জয় দিয়ে ট্র্যাকে ফিরতে মরিয়া রোহিত শর্মার দল। তবে সব ছাপিয়ে এ ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের কাছে প্রতীক্ষার হয়ে আছে সাকিব-মোস্তাফিজের দ্বৈরথ উপভোগে।   

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি