ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায় ব্রাজিল। এ ম্যাচকে ঘিরে প্রায় ৯০ সদস্যের একটি বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

ব্রাজিলের এই আগ্রহের মধ্যে গতকাল ঢাকায় আসে দেশটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রতিনিধিরা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন তারা।

সফরের শেষ দিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রতিনিধিরা। তাদের এই পরিদর্শন এবং প্রস্তাবের ফলে ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজনের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

তবে ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বাফুফে। কারণ একই সময়ে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপ। ৩ অক্টোবর সেখানে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশেরও তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।

অন্যদিকে, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচকে কেন্দ্র করেই ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছিল। পরে তাদের পরিবর্তে বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশে এখনো ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তবে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে ছিলেন লিওনেল মেসি।

ব্রাজিলের প্রস্তাব বাস্তবায়িত হলে ঢাকায় সেটিই হবে দেশটির জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ—যা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় একটি আকর্ষণ হয়ে উঠতে পারে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি