অডিও ভাইরালের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার ওসিকে প্রত্যাহার
প্রকাশিত : ১৪:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই অডিওতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে।
অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে ‘কিছু হবে না’। এ ছাড়া তিনি পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেন এবং ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে বক্তব্য দেন।
যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তবে এখনো ভাইরাল অডিওটির বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের মার্চে ক্যান্টনমেন্ট থানায় ওসি হিসেবে রাকিবুল হাসানকে পদায়ন করা হয়েছিল।
এএইচ
আরও পড়ুন










