ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে মরক্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়েনের বিষয়ে সম্মত হয়েছে মরক্কো। কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার এবং রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়েও একমত হন। এ সময় বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন করতেও একমত হয়েছে দেশটিতে। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের পক্ষ থেকে তিনটি দেশের হয়ে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন উভয় দেশেরই পারস্পরিক স্বার্থের অনুকূল এবং তা শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও সম্মত হয়েছে দুপক্ষ। এর মধ্যে আরও রয়েছে উভয় দেশের বিমান সংস্থার পরিচালনায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা এবং আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনা নিশ্চিত করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার উদ্যোগে নেয়া ‘আব্রাহাম অ্যাকর্ডসের’ ষষ্ঠ বার্ষিকীর ঠিক একদিন পরেই এই ঘোষণাটি এল। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান এবং কাজাখস্তান এই চুক্তিতে শামিল হয়েছে, যার লক্ষ্য হলো- আরব ও মুসলিম-প্রধান দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি