ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে হবে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৮:০৪, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, বিজ্ঞান বলতে আমরা যদি শুধু ল্যাবরেটরির কথা বলি, পরীক্ষা-নিরীক্ষা বুঝি আসলে তাই নয়। বিজ্ঞান হচ্ছে এমন একটি যৌক্তিক বিষয় যার সর্বত্র সর্বক্ষণে মানুষের সাথে অবস্থান করে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী প্রজন্মকে বিজ্ঞান ভিক্তিক, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা। 

এরজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজকে যৌথভাবে কাজ করতে হবে। আমাদের আগামী দিনের স্বপ্নগুলো কিন্তু এখন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করছে তারাই পূরণ করবে। এখন যারা শিক্ষার্থী আগামী ১০ থেকে ১২ বছর পর তারা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। ১০ বছর পরে সে যদি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুললে না পারে, তার মধ্যে যদি মানবিক মূল্যবোধ গড়ে না উঠে, তার মধ্যে যদি দেশপ্রেম গড়ে না উঠে তাহলে কিন্ত এই সন্তান দিয়ে আমাদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। 

রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের চারদিন ব্যাপী আন্তঃ স্কুল বিজ্ঞান ও শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মার্চ মাসের তাৎপর্য তুলে ধরে প্রফেসর জিয়াউল হক বলেন, মার্চ মাস আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু আমাদেরকে জানিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা কথা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের কাছে কোন কিছু না থাকলেও স্বাধীনতার অভিপ্রায় নিয়ে তারা ঝাপিয়ে পড়েছিল। ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আর এই দুইয়ের মাঝে সেই মহাপুরুষের জন্মদিন হচ্ছে ১৭ই মার্চ। ফলে মার্চ মাস আমাদের ইতিহাস, ঐতিহ্য,সংগ্রাম, কৃতজ্ঞতা সবকিছু মিলিয়ে মার্চ মাস একটি মহান মাস আমাদের কাছে।
  
মেলায় বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল, কম্পিউটার ও কৃষি বিষয়ের উপর ১৬৫টি প্রজেক্টে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশ নেন। বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ সহ ৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কারের নানা প্রজেক্ট। শিক্ষার্থীদের ছোট ছোট আবিস্কার যে কাউকে অভিভূত করবে। ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়েছে স্কুলের আঙ্গিনা। স্টলগুলোতে নিজেদের আবিস্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কারের সুফল তুলে ধরছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রত্ন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ওসমান গ্রুপের কর্ণধার আক্কাচ উদ্দিন মোল্লা, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন, ধানমন্ডি সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিল্লাল মিয়া। 

এতে উপস্থিত ছিলেন,অনুষ্ঠানের আহবায়ক মো. তাহের উদ্দিন, সিনিয়র শিক্ষক শশাঙ্ক পাল চৌধুরীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার তরেণ।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। আগামী ৪ মার্চ বুধবার পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হবে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি