ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

আপত্তিকর ছবি-ভিডিও সংরক্ষণের অভিযোগে কুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২৬, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০ ব্যাচের এক শিক্ষার্থীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে ঘটে যাওয়া একটি ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল হাসানের ব্যক্তিগত গুগল ড্রাইভে সংরক্ষিত কিছু আপত্তিকর ছবি ও ভিডিওর তথ্য সম্প্রতি সামনে আসে। গত ২৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের কম্পিউটারে তার অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় বিষয়টি নজরে আসে বলে জানা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে একাধিক ব্যক্তির নামে পৃথক ফোল্ডারে ছবি ও ভিডিও সংরক্ষণ করা ছিল। বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে নেওয়ার চেষ্টা করা হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রশৃঙ্খলা বিধির ৫(খ)(২) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি