ইরানি কূটনীতিককে সুইডেন ছাড়ার নির্দেশ
প্রকাশিত : ২১:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্টকহোমে ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি দূতাবাসের ওই কর্মকর্তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। তবে ঠিক কী কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ওই কর্মকর্তার কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।
সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, ইরান সুইডেনের ভেতরে এবং দেশটির বিরুদ্ধে এমন কিছু কর্মকাণ্ড চালিয়েছে, যা সুইডেনের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।
স্ট্রোমারের দাবি, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল ইরান সরকারের বিরোধীদের পাশাপাশি সুইডেনে থাকা বিভিন্ন ইহুদি ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। এসব কর্মকাণ্ডে অপরাধী চক্রের সদস্যদেরও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে সুইডেনের নিরাপত্তা সংস্থা সাপো অভিযোগ করেছিল, ইরান সুইডেনে ইসরায়েলি ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সহিংস কর্মকাণ্ড চালানোর জন্য অপরাধী চক্রের সদস্যদের নিয়োগ করেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানি দূতাবাসের কর্মকর্তাকে সুইডেন ছাড়ার নির্দেশ দেওয়ার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমএইচ
আরও পড়ুন










