ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

ইরানের ৪৮ জন নেতার নিহতের তথ্য দিলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৩৮, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান ‘খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে’ বলেও জানান তিনি।

রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সিএনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা কেবল আমাদের জন্য নয়, বরং বিশ্বের জন্য কাজ করছি।’

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।’

প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ এবং মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে এক বৈঠকের সময় এই নির্দেশ দেন তিনি।

তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরো বাড়বে।’

‘যদিও এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেলআবিবে এবং আজকে বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করছি।’

তিনি বলেছেন, ‘আমাদের অস্তিত্ব এবং আমাদের ভবিষ্যত নিশ্চিত করার জন্য’ ইসরায়েল এই অভিযানে ‘আইডিএফের পূর্ণ শক্তি’ নিয়ে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি