ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

উত্তর-পূর্ব আলজেরিয়ায় দাবানলের তাণ্ডব: অন্তত ১২ জনের মৃত্যু, আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় দাবানলের তাণ্ডবে অন্তত ১২ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সায়ুদ জানান, জিজেল, বেজাইয়া ও তিজি ওজু প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। পোড়া ক্ষত ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগীদের চিকিৎসার অবস্থা সরেজমিনে দেখতে বেজাইয়া অঞ্চলের ‘সুক আল-থেনিন’ শহরের একটি হাসপাতাল পরিদর্শন করেন সায়ুদ।

আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘আলজেরিয়া প্রেস সার্ভিস’-এর তথ্য অনুযায়ী, সায়ুদ জানিয়েছেন, ওই হাসপাতালে ৫৪ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সায়ুদ জানান, বুধবার সারা দেশে সিভিল প্রোটেকশন বা জরুরি উদ্ধারকারী দলগুলো ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসবের মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়া জুড়ে তীব্র দাবদাহ চলার মধ্যেই এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সায়ুদ আরও জানান, স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু এবং তেবেসা প্রদেশে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে বেজাইয়া ও জিজেল প্রদেশে এখনও আগুন নেভানোর কাজ চলছে।

বেজাইয়ায় ১৮টি স্থানে আগুন জ্বলছে। অন্যদিকে, জিজেল প্রদেশের ১২টি পৌরসভা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান সায়ুদ।

আঞ্চলিক সংবাদ ওয়েবসাইট ‘জিজেল নিউজ’-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয় বাসিন্দারা আশ্রয়ের জন্য একটি ডাকঘরে জড়ো হয়েছেন।

গ্রীষ্মের তীব্র দাবদাহের সময় আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী ও মৌসুমী দাবানলের ঘটনা ঘটে। শুধু গত মাসেই দেশটিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তীব্র দাবদাহ ও প্রবল বাতাসের কারণে ভূমধ্যসাগরীয় উপকূলীয় বনাঞ্চলে দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়েছে। এর সঙ্গে খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হওয়ায় এই ধরনের দুর্যোগের মাত্রা আরও ভয়াবহ হয়ে উঠছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি