ঢাকা, বুধবার   ২২ জুলাই ২০২৬

এফসিবি বিটোপির জ্যেষ্ঠ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার আর নেই, ইটিভি পরিবারের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০৮, ২২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি এফসিবি বিটোপির দীর্ঘদিনের কর্মকর্তা মো. আলাউদ্দিন তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একুশে টেলিভিশন (ইটিভি) পরিবার।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও সকল সহকর্মী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহ তাআলার কাছে পরিবারকে এ শোক সইবার শক্তি দানের প্রার্থনা করেন।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর মিরপুর-১ এলাকার হাজী ওয়াসির খান জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রাজধানীর বারিধারায় এফসিবি বিটোপি কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে ৬৮ বছর বয়সী মো. আলাউদ্দিন তালুকদার স্ত্রী, একমাত্র কন্যা, ছয় ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, স্নায়ুরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

এফসিবি বিটোপির শোকবার্তায় জানানো হয়, মরহুম আলাউদ্দিন প্রায় ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্তও তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, অল্প সময়ের অসুস্থতার পর আলাউদ্দিন না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় এফসিবি বিটোপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি