ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬

এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৩ মে) সকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ভুক্তভোগী প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগ করা হয়, এশিয়ান টিভিতে কর্মরত দেশব্যাপী প্রায় আটশত প্রতিনিধিকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। বক্তারা দাবি করেন, প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর জ্যেষ্ঠ সাংবাদিক হাসনাইন খুরশেদ (শুচি) এই সিদ্ধান্ত কার্যকর করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ চাকরিচ্যুত করায় তারা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং এ সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সিইও হাসনাইন খুরশেদ (শুচি)-এর অপসারণও দাবি করেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ ভুক্তভোগী প্রতিনিধিদের মধ্যে সাইদুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি ফারুক, মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম ও কালকিনি প্রতিনিধি অশোক ধরসহ আরও অনেকে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি