ঢাকা, শুক্রবার   ২৮ আগস্ট ২০২৬

ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী ১৪ সাংবাদিককে বিএমএফএর সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর মাঠ থেকে পাঠানো ১৪ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (BMFA)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিডনির ল্যাকেম্বার একটি ফাংশন হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া ওই সাংবাদিকদের সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই ম্যাচের মাঠের ঘটনা ও দলের সাফল্যের খবর পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদের সম্মান জানাতেই এ আয়োজন করে BMFA।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম আলোর ফটোগ্রাফার শামসুল হক টিংকুকে দেওয়া হয় লাইফটাইম সম্মাননা। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য মার্ক কুরের পক্ষ থেকেও তাঁকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটার আরিফুল হাসান সবুজ ও তরুণ সংগঠক আতিকুর রহমান সজীবকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেটের পরিচিত সমর্থক শোয়েব আলীও জাতীয় দলের প্রতি দীর্ঘদিনের সমর্থন ও নিবেদনের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন প্যারামাট্টা সিটির লর্ড মেয়র মার্টিন জাইতার। এ সময় অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার নতুন সভাপতি হিসেবে হুমায়ুন কবির রোজের নাম ঘোষণা করা হয়। তিনি সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ। নতুন কমিটি অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় জানিয়েছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য নতুন একটি অনলাইন সংবাদমাধ্যম চালুর পরিকল্পনার কথাও জানান BMFA-এর নতুন সভাপতি হুমায়ুন কবির রোজ।‘AusBD TV’ নামে প্রস্তাবিত এই প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির সংবাদ, খেলাধুলা, ক্রিকেট, বিভিন্ন অর্জন ও সাফল্যের গল্প তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আয়োজকদের মতে, ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী সাংবাদিকদের সম্মান জানানোর পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি