ঢাকা, শনিবার   ২৯ আগস্ট ২০২৬

কিয়েভের গুদামে রাশিয়ার হামলা, নিহত অন্তত ২৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৯, ২৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা জেলার মাইলা গ্রামে অবস্থিত একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং মেয়রসহ বেসামরিক নাগরিকদের মৃত্যুর পাশাপাশি বসতবাড়ির পাশে বিস্ফোরক মজুদে কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় ২৭ জন নিহত এবং অন্তত ৪২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পেড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দিমিত্রিবস্কা গ্রামের মেয়র তারাস দিদিচ, যিনি গত ৩০ বছর ধরে এই এলাকার দায়িত্বে ছিলেন। 

বিস্ফোরণে আশেপাশের ৫০টি আবাসিক ভবন ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়। এলাকা থেকে ৩৮০ জনেরও বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  অন্যান্য অঞ্চলে হামলা: কিয়েভের বোরিসপিলে ১৪ বছরের এক কিশোরী এবং দক্ষিণাঞ্চলীয় ওদেসায় আরও ১ জন রাশিয়ার হামলায় নিহত হয়েছেন। 

ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়া অন্তত ২টি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। 'অপরাধমূলক অবহেলা'র তদন্তঘটনাস্থলে বিস্ফোরক ও গোলাবারুদ অনিয়মতান্ত্রিকভাবে মজুদ রাখার অভিযোগে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, লোকালয়ের কাছাকাছি গোলাবারুদ মজুদের স্পষ্ট আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এই ঘটনার পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কি গত জুলাইয়ে কিয়েভের ভিশনেভে এলাকার সামরিক গুদামে বিস্ফোরণের উদাহরণ টেনে বলেন, "পূর্ণমাত্রার আগ্রাসনের পঞ্চম বছরে এসেও বারবার একই ভুল করা অপরাধমূলক অবহেলা।"

ইউক্রেনীয় কৌঁসুলির কার্যালয় থেকে সংশ্লিষ্ট কোম্পানির নিরাপত্তা অনুমতি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক রাখার বৈধতা নিয়ে তদন্ত শুরু হয়েছে।পাল্টা ড্রোন হামলাইউক্রেনীয় সীমান্ত ও রুশ নিয়ন্ত্রিত এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। 

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এছাড়া দখলকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের ড্রোন হামলায় আরও ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রুশ-নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি