ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

কুয়েতের তেল স্থাপনায় ইরানের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:১০, ১৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় কুয়েতের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) জানিয়েছে, তেল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি স্থাপনাটিরও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনার বরাতে এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনার পর স্থাপনাটি খালি করে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম জানিয়েছে, ইরানে টানা সাত রাত ধরে অভিযান পরিচালনা করছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা হ্রাসে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে নামতে বাধ্য হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি