কেসিসি-কেডিএ দ্বন্দ্বে আটকে গেছে কয়েকটি সড়ক সংস্কার
প্রকাশিত : ১৪:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২১
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) দ্বন্দ্বে আটকে গেছে জেলার কয়েকটি সড়ক সংস্কার। সিটি করপোরেশনের অভিযোগ, উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নমানের সড়ক নির্মাণ করেছে। তাই সেই সড়ক সংস্কার করতে চান না তারা। আর উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না থাকায় তাদের পক্ষে সড়কগুলো সংস্কার সম্ভব নয়।
খোঁজ নিয়ে জানাযায়, ২০১৩ সালের ৩০ জুন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ করে। পরে তা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কিছু দিনের মধ্যে গর্ত ও খানাখন্দে পরিণত হয় সড়কটি ।
একই অবস্থা কেডিএ নির্মিত কয়েকটি সড়ক। কেসিসি এই সড়কগুলো সংস্কার করতে নারাজ। সড়কগুলো এখন যেন মরণ ফাঁদ। ফলে ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের।
যাত্রী সাধারণ বলছেন, ‘বছরের পুরো সময়টাজুড়েই এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। বৃষ্টির দিনে কাদা আর শুকনো দিনে ধুলোয় চলার কোন উপায় নেই। রাস্তা সংস্কার নিয়ে সিটি করপোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ একে অপরকে দায়ী করছেন।’
স্থানীয়রা বলছেন, ‘রাস্তার পাশে দোকান হওয়ায় ধুলাবালিতে ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করা যাচ্ছে না। রাস্তার পাশে বাড়িগুলোর জানালা পর্যন্ত খোলা যায় না।
আর যানবাহন চালকরা বলছেন, ‘রাস্তার যে অবস্থা তাতে গাড়ি চালানোই যায় না।’
এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘কেডিএ নিম্নমানের কাজ করবে আর আমাকে দায়ী করা হবে, তা হবে না। এটা করতে হলে আমাকে নিউমার্কেট ও বাসস্ট্যান্ড হস্তান্তর করতে হবে।’
অন্যদিকে রাস্তা সংস্কারের দায়িত্ব সিটি করপোরেশনের দাবি করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, ‘রাস্তার দুই পাশের স্থাপনা থেকে আমরা কোন ট্যাস্ক পাইনা। ট্যাস্কগুলো কেসিসি নেয়। সে অনুযায়ী আমরা সড়কগুলো মেরামত করতে পারিনা।’
এআই/এসএ/
আরও পড়ুন










