তুরস্কের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ
প্রকাশিত : ১৯:৩৭, ৫ অক্টোবর ২০২৬
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে এফটিএ আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করেন। আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রী এবং বিনিয়োগ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
তুরস্ক থেকে ফল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে দেশটির রপ্তানিকারকদের যোগাযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ উদ্দেশ্যে তুরস্কের ফলমূল রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ও যোগাযোগের তথ্য চেয়েছে বাংলাদেশ, যা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্প থেকে উৎপন্ন বিপজ্জনক বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিরাপদে নিষ্পত্তির জন্য তুরস্কে ব্যবহৃত বিশেষায়িত স্থাপনা সংক্রান্ত সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।
এছাড়া চামড়া শিল্পের বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূত জানান, পরিবেশগত কারণে তার দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ কমে গেছে এবং সিন্থেটিক চামড়ার ব্যবহার ও কাঁচামাল আমদানির প্রবণতা বেড়েছে। আসন্ন কমসেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলন, ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট এবং হালাল এক্সপোতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কমসেকের মূল সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ
আরও পড়ুন










