জাপানের ইতিহাসে প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এলডিপি
প্রকাশিত : ১২:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের সাধারণ নির্বাচনে সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিরঙ্কুশ জয় পেয়েছে।
রোববারের নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র তথ্য অনুযায়ী, তাকাইচির দল এলডিপি-এর নেতৃত্বাধীন জোট প্রতিনিধি পরিষদের ৪৬৫টি আসনের মধ্যে ৩৫২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে শুধু এলডিপিই পেয়েছে ৩১৬টি আসন। যা মোট আসনের প্রায় ৬৮ শতাংশ।
যুদ্ধ পরবর্তী জাপানের ইতিহাসে এই প্রথম কোনো একক দল প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। জাপানের বিভিন্ন গণমাধ্যম এই ফলাফলকে “ঐতিহাসিক বিজয়” বলে অভিহিত করেছে।
অথচ ২০২৪ সালে এলডিপি সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলে। এরপর তাকাইচি গত অক্টোবরে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব গ্রহণ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন।
ধারণা করা হচ্ছে, তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তাই দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।
এখন তাকাইচির সামনে চ্যালেঞ্জ হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মোকাবিলা করা, জাপানের স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং মন্থর প্রবৃদ্ধিতে গতি আনা।
ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বড় ভক্ত তাকাইচি সবসময়ই নিজের দেশের “আয়রন লেডি” হতে চেয়েছেন। থ্যাচারের মতোই তিনিও একজন কট্টর রক্ষণশীল।
তিনি সমলিঙ্গের বিয়ের বিরোধিতা করেন সেইসাথে রাজপরিবারে নারীদের উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসার বিরোধীও তিনি।
এই ফলাফল জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে তার সংরক্ষণশীল এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট দেবে এবং আগামী চার বছরে ১২৩ মিলিয়ন মানুষের এই দেশে তার ছাপ রাখতে সক্ষম করবে।
তাকাইচি রোববার রাতে জোর দিয়ে বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব। আমরা প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব। সরকারি ও বেসরকারি খাতকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। আমরা একটি শক্তিশালী ও স্থিতিস্থাপক অর্থনীতি গড়ে তুলব।’
গত অক্টোবরে মাত্র এক বছরের মধ্যে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর, গত মাসে হঠাৎ নির্বাচন ঘোষণা করেন তাকাইচি।
এএইচ
আরও পড়ুন










