ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

জেডি ভ্যান্সের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, শরিফ আশা প্রকাশ করেছেন যে এই আলোচনা টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।

এর আগে ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও শরিফের একটি পৃথক বৈঠক হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদল শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি