ঢাকা, রবিবার   ১৭ মে ২০২৬

ঝিনাইদহে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ, ৩ নেতার পদত্যাগপত্র প্রদর্শন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ১৬ মে ২০২৬ | আপডেট: ২৩:০৭, ১৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা নবঘোষিত কমিটিকে 'পকেট কমিটি' আখ্যা দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান। বিক্ষোভ শেষে নবগঠিত কমিটির তিন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

শনিবার (১৬ মে) বিকালে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, কেসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সাইদুর রহমান শাহেদ, আব্দুস সালামসহ অন্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বখতিয়ার মাহমুদ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন তারা।

বখতিয়ার মাহমুদ বলেন, “যাদের সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে, তাদের সিভি দেখুন, আমাদের সিভি দেখুন। রাজপথের ত্যাগ ও দলীয় কর্মসূচিতে আমাদের অবদান যাচাই করুন। এই কমিটি পকেট কমিটি। ঝিনাইদহের সাধারণ ছাত্রসমাজ এই কমিটি দেখে হতাশ হয়েছে।”

সাইদুর রহমান শাহেদ বলেন, “দীর্ঘদিন আমরা আওয়ামী সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ আজ দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা চেয়ারম্যান তারেক রহমান এর আদর্শে বিশ্বাসী। তাই বিশৃঙ্খলার পথে না গিয়ে গঠনমূলকভাবে প্রতিবাদ করছি।”

তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ শেষে নবগঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ তাদের পদত্যাগপত্র সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি