ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজের প্রকৌশলী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামানের আর বাসায় ফেরা হলো না। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় তার সাত বছরের শিশু কন্যা রুমাইসা গুরুতর আহত হয়।

শনিবার রাতে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন এবং মহাদেবপুরে বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরে বাসায় ফিরছিলেন  রাশেদুজ্জামান। এসময় হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের শিশু কন্যা রুমাইসা জামান গুরুতর আহত হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি