তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন ভিসি
প্রকাশিত : ১১:৩৫, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪০, ১২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন তাকে ভিসির চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন।
জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। ফটকে তিনি কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকে দেওয়া তালা ভেঙে তিনি নিজের দপ্তরে যান এবং উপাচার্যের জন্য নির্ধারিত চেয়ারে বসেন।
আন্দোলনকারীদের দাবি, নতুন উপাচার্যের ১১ ও ১২ অক্টোবর ঢাকায় অবস্থান করার কথা ছিল, যার কারণে এ দুই দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের নিয়মিত পাহারা ছিল না। ওই সুযোগ কাজে লাগিয়েই তিনি ক্যাম্পাসে ঢুকেছেন বলে ধারণা করছেন তারা।
নতুন ভিসির প্রশাসনিক ভবনে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে উপাচার্য হিসেবে যোগদান করলেও আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে এত দিন তিনি ক্যাম্পাসে ঢুকতে পারেননি। অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।
এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টানা আন্দোলনে গত প্রায় ২০ দিন ধরে চুয়েটের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেশনজটের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
এএইচ
আরও পড়ুন










