ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

দক্ষিণাঞ্চলের দুই জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডায়রিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

দেশের দক্ষিণাঞ্চলের দুই জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বরিশালে গত দু’সপ্তাহে কেবল জেনারেল হাসপাতালেই ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮শ’ জন। পিরোজপুর জেলাতেও বাড়ছে ডায়রিয়া রোগী। বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন ৬০ থেকে ৭০ জন। এই জেলায় গত মাসে ১ হাজার ৮শ’র বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। 

বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড চারটি। এর মধ্যে দুটি মহিলা ওয়ার্ড। প্রতিদিন গড়ে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে ৬০ জন। এ সংখ্যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ।

এদিকে রোগীর তুলনায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। আর শয্যা সংকটে অনেককে খোলা মাঠে চিকিৎসা দিতে হচ্ছে। স্বাস্থ্য-সুরক্ষা বিধি না মানা ও চলমান আবহাওয়ার প্রভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলছেন চিকিৎসকরা। 

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী আসেন। আজকের সকাল পর্যন্ত ৫২ জন রোগী ভর্তি আছেন।

রোগীর স্বজনদের অভিযোগ পরিবেশ অপরিচ্ছন্ন। আর প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে দেবার কথা থাকলেও তা ঠিকমত দেয়া হচ্ছেনা।

রোগীর স্বজনরা জানান, রাতে ঠাণ্ডা আর দিনে প্রচুর গরম তাতে ডায়রিয়া দেখা দিয়েছে। দুটি টয়লেট, তাতে যাবার পরিস্থিতি নেই।

বিভাগীয় স্বাস্থ্য পরিচলকের দপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পুরো বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৯৩ জন। আর বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২১৭। গেলো এক সপ্তাহেই বিভাগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। আর বরিশাল জেলায় আক্রান্ত হন ৬০৫ জন।

এদিকে, গেলো ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে পিরোজপুর জেলায় ডায়রিয়া দেখা দেয়। মার্চ ও এপ্রিলে আক্রান্ত সংখ্যা আরও বেড়ে যায়। গেলো একমাসে পিরোজপুর জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন। এদের বেশির ভাগই শিশু। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালেই ভর্তি আছে শ’খানেক ডায়রিয়া রোগী। যাদের ৯৫ জনই শিশু। 

ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। 

রোগীর স্বজনরা জানান, দু’দিন ধরে সন্তানের ডায়রিয়া। বেড পাইনি তাই নীচে বসে আছি।

এ অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসক এবং কর্মচারীরা। 

নার্সরা জানান, আগের তুলনায় রোগী অনেক বেড়ে গেছে। 

পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দীন বলেন, আমাদের যে শয্যা আছে তার দ্বিগুণ রোগী ভর্তি ছিল। আমরা প্রত্যেককেই চিকিৎসা সেবা দিয়েছি।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও খাবারের পানিতে লবণের মাত্রা বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
দেখুন ভিডিও :


এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি