দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
প্রকাশিত : ১৩:৪১, ৩১ মার্চ ২০২৬
দুবাই বন্দরে অবস্থানকালে ইরানি হামলায় একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়।’
প্রতিবেদন অনুযায়ী, এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে যে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।
কুনা আরও জানায়, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার এক্স-এ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।
তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ইরান ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
এএইচ
আরও পড়ুন










