দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
প্রকাশিত : ১৩:৩৮, ৭ ডিসেম্বর ২০২০
ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে করে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এরআগে রাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্য রাত থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করানো হয়েছে। এখন দ্রুত লাইনে থাকা যানবাহনের চাপ কমে যাবে বলেও তিনি জানান।
এরুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।
এসএ/
আরও পড়ুন










