ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২২, ৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ঢুকে পড়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পুলিশের সাত দিনের আবেদনের বিপরীতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. আসাদুর রহমানের আবেদনের ওপর শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিরোধিতা করে আসামির জামিন আবেদন করেন আইনজীবী। তার দাবি, কোনো নাশকতার উদ্দেশ্যে নয়, বরং আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেছিলেন মহিবুল্লাহ। 

তার পরিবারের কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও আদালতকে জানান আইনজীবী। এছাড়া মহিবুল্লাহর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিকেলে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার কেআইবি মিলনায়তনের সামনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা চলাকালে ঘটনাটি ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মিলনায়তনে প্রবেশের আগে মহিবুল্লাহ মুবিন তার সহযোগীদের নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে ঢুকে পড়েন তিনি।

ঘটনাস্থল থেকেই মহিবুল্লাহ মুবিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল, দুটি পাসপোর্ট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তবে তার সঙ্গে থাকা অন্য অজ্ঞাতনামা সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, মহিবুল্লাহ কী উদ্দেশ্যে, কার নির্দেশে কিংবা প্ররোচনায় এমন ঘটনা ঘটিয়েছেন, তা জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি