ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নেপালে পাহাড়ি মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে বাগমতি প্রদেশের ধাদিং জেলার পৃথ্বী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে ধাদিংয়ের বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাউন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এরপর সেটি খাদের তলদেশে ত্রিশুলী নদীতে গিয়ে পড়ে।

পুলিশের বরাত দিয়ে হিমালয়ান টাইমসের এক খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৪ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। দুই বিদেশিও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

এছাড়া আরও অন্তত ২৬ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও অধিকাংশকে কাঠমান্ডুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধাদিং জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের প্রধান শিশির থাপা জানিয়েছেন, নিহতের সংখ্যা শুরুতে ১৭ জন থাকলেও পরে তা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। তবে গভীর রাতে দুর্ঘটনা ঘটায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইউএনবি 

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি