ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, এখনও নিখোঁজ অনেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।

ভোটেকোশি ও ত্রিশূলি নদীর বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।

এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।

পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

উদ্ধার মরদেহের মধ্যে রাসুওয়ায় ৩৮, নুয়াকোটে ১০৩, ধাদিংয়ে ৫৬, চিতওয়ানে ৩২০, গোরখায় ৬৫, তানাহুনে ৩৮, নওয়ালপরাসি পূর্বে ২১৬, নওয়ালপরাসি পশ্চিমে ১৬৯ ও ভারতে ৫।

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার আকস্মিক বন্যার ঘটনা ঘটে। ওই পানির শক্তি এত বেশি ছিল যে বন্যায় নিহত মানুষের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে এসেছে। 

এদিকে, পর্যাপ্ত ফ্রিজার না থাকায় মরদেহগুলো নিয়ে হিমশিম খাচ্ছিল নেপাল। তাই আপাতত ডিএনএ সংগ্রহ করে সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে কবর থেকে তুলে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি