ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

নৈশভোজের সময় বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৩৮, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেয় গোয়েন্দারা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। 

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। ওই হোটেলের বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।

সূত্র: রয়টার্স

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি