নৌকা চালিয়ে ৮ জনের সংসার চালান আবেদা বেগম (ভিডিও)
প্রকাশিত : ১১:৫০, ১৪ নভেম্বর ২০২০
আবেদা বেগম, বয়স পঞ্চাশেরও বেশি। জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন নৌকার বৈঠা। সেই ভোরে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় রাতে। বিশ বছর ধরে নৌকা চালিয়ে ৮ জনের সংসার চালাচ্ছেন তিনি।
কাঁকডাকা ভোরে নদী পাড়ে চলে যান আবেদা বেগম। এরপর শুধুই বৈঠা বাওয়া। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা ও উত্তর কাওয়ালজানী গ্রামের পদ্মা নদীর ছোট কোল নদী। দুই গ্রামের বাসিন্দাদের নদী পারের একমাত্র ভরসা তার নৌকা। বিশ বছর ধরে এভাবেই চলছে আবেদা বেগমের বৈঠা।
আবেদা বেগম জানান, পাঁচ মেয়ে নিয়ে বড় সংসার। তাই দু’জনে মিলে খাটাখাটনি করে কোনরকম সংসারটা চালাচ্ছি। প্রতিদিন নৌকা চালিয়ে দুই থেকে আড়াইশ’ টাকা হয়। তা দিয়েই চলে সংসার।
অসুস্থ্য স্বামী। নৌকা চালিয়ে চার মেয়েকে বিয়ে দিলেও এখনও সংসারের সদস্য চারজন। ছোট মেয়ে কলেজে আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। যে নৌকার ওপরেই সংসার, এখন সেটিও নড়বড়ে, ভেঙ্গে যাওয়ার মত অবস্থায়। এনিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
এলাকাবাসীরা জানান, পাঁচটা মেয়ে ও স্বামী সবাই এই নৌকার উপর নির্ভরশীল। কষ্ট করে নৌকা বেড়ে খাচ্ছে, তাছাড়া তো ওনার উপায় নেই। উনি চলবেন কি করে, খুবই অসহায়।
অন্য আরেকজন জানান, যার টাকা আছে সে দেয়, যার টাকা নেই তাকেও পাড় করে সে। তার নৌকাটার অবস্থা খুবই নাজুক। এই নৌকাটা তৈরির করার জন্য সমাজের বিত্তশালীদের সাহায্যের প্রয়োজন, যাতে ওনার সংসারটা ভালভাবে চলতে পারে।
সংগ্রামী এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজ সেবা কর্মকর্তা।
রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোবায়েত মো. ফেরদৌস বলেন, আমাদের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আছে এর একটিতে তাকে সম্পৃক্ত করা হবে।
পুঁথিগতভাবে নারীর ক্ষমতায়ন হয়তো বোঝেন না আবেদা বেগম। শুধু বোঝেন, ভাঙ্গা নৌকা নিয়েই ঝড়-ঝঞ্জা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সহৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়ান, তাহলেই হয়তো সহজ হবে আবেদা বেগমের পথচলা।
দেখুন ভিডিও-
এএইচ/
আরও পড়ুন










